কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ এ ০১:২৩ PM
কন্টেন্ট: জীবন বৃত্তান্ত

ড. মোহাম্মদ জিয়াউল হক
সচিব
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ
ড. মোহাম্মদ জিয়াউল হক বর্তমানে সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে হিসেবে কর্মরত। তিনি ১৯৯৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে ১৭তম ব্যাচে যোগদান করেন। কর্মজীবনে তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে, উন্নয়ন প্রকল্পে, প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। সুদীর্ঘ পেশাগত জীবনে ড. হক মানবসম্পদ উন্নয়ন (HRD), অর্থনৈতিক সম্পর্ক ও অর্থনৈতিক ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিরাপত্তা, প্রাথমিক শিক্ষা, সরকারি সেবা সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম এবং ই-গভর্ন্যান্সের উন্নয়নসহ নীতিগত সংস্কারমূলক বিভিন্ন উদ্যোগে সম্পৃক্ত ছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও এমফিল ডিগ্রি সম্পন্ন করেন। স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তিনি ২০০১ সালে ডিনসএন্ট্রান্স স্কলারশিপ লাভ করেন এবং এর আওতায় কানাডার কার্লটন বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন প্রশাসন বিষয়ে কৃতিত্বের সাথে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে ২০০৬ সালে শেভেনিং ফেলো হিসেবে তিনি যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ে সংঘাত-পরবর্তী দেশসমূহে নিরাপত্তা খাত সংস্কার বিষয়ে অধ্যয়ন করেন। এছাড়াও ২০১০ সালে তিনি অস্ট্রেলিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন করেন এবং মোনাশ বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট বিষয়ে ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।
ড. হক হার্ভার্ড কেনেডি স্কুলে কারিকুলাম ডিজাইন, কোরিয়া ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (KDI)-এ অর্থনৈতিক উন্নয়ন, কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (KAIST)-এ ই-গভর্ন্যান্স এবং হংকং বিশ্ববিদ্যালয়ে Policy Analysis বিষয়ে উচ্চতর পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
বর্তমানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব হিসেবে তিনি পরিবহন খাতে বিভিন্ন নীতিগত সংস্কার কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন।এর মধ্যে উল্লেখযোগ্য হলো সড়ক চলাচলে গতিশীলতা আনয়ন, সড়ক নিরাপত্তা বৃদ্ধিকরণ এবং বহুমাত্রিক পরিবহন ব্যবস্থার সুষ্ঠ সমন্বয় নিশ্চিতকরণ।এছাড়াও বৃহৎ অবকাঠামো প্রকল্পসমূহের কৌশলগত বাস্তবায়ন ও গুণগত মান নিশ্চিতকরণে তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন প্রশিক্ষণ, পেশাগত উন্নয়নমূলক এবং গবেষণা কার্যক্রমেও সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। তাঁর বেশ কিছু আন্তর্জাতিক প্রকাশনা রয়েছে।